পৃথু স্যন্যাল

ট্যাগ poem-13 (বাংলা)

  • আরেকটি কবিতার জন্য

    আরেকটি কবিতার জন্য

    এবার দুঃখেরা একে একে আসো,
    জানালা খুলে দেখি
    তোমাদের একেকটা দুখী মুখ।
    .
    সুখী মুখগুলো দেখতে দেখতে
    ক্লান্ত হয়ে আছে চোখ
    হে দুঃখেরা, করো না কালক্ষয়।
    .
    প্রেমিকার চুম্বনেরা সরে যাও,
    চুম্বনে, মন্থনে ত্যক্ত এখন
    আজ কিছুটা গালমন্দ প্রয়োজন।
    .
    অবসাদের ছায়ারা ধীরে ধীরে আসো,
    চঞ্চলতা দূরে যাও,
    করি বিষণ্ণতার আয়োজন।
    .
    দুখীরা,
    হে চিরদুখীরা,
    কতদিন তোমাদের দেখি না!
    আজ তোমাদের ভীষণ প্রয়োজন।
    .
    হে অপ্রাপ্তিরা,
    তোমরা কোথায়?
    প্রাপ্তির পাত্র পূর্ণ হয়ে গেছে সে কবেই,
    অপ্রাপ্তির পাত্রটা পূর্ণ করার আজ বড় প্রয়োজন।
    .
    ভালবাসারা আজ চলে যাও,
    হৃদয় বড্ড বেশি উচ্ছসিত আজকাল,
    এবার কিছুটা স্থবিরতা আসুক।
    .
    হে বন্ধুরা, ছুড়ি নিয়ে আসো,
    পিঠে বসাও,
    কতদিন বিশ্বাসঘাতক দেখি না!
    .
    প্রেমিকারা, হাত ছাড়ো,
    আর ধরে রাখতে পারছি না,
    এখন কিছুটা স্বাধীনতা প্রয়োজন।
    বউকে বলি,
    অনেক তো আদর সোহাগ খুনসুটি হলো,
    এবার ঝগড়ায় পা বাড়াও।
    .
    এক জীবনের সকল দুঃখেরা,
    হাতজোড় করে বলি তোমাদের,
    অন্তত আরেকটি কবিতার জন্য,
    আরেকটি বার সামনে এসে দাঁড়াও।